১৭ জানুয়ারি ২০২৬
জামালপুর জেলার মনোরম পর্যটন কেন্দ্র লাউচাপড়ায় শম্ভুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক আনন্দঘন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার সকালে শম্ভুগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে ক্লাবের সদস্যরা লাউচাপড়ায় পৌঁছান।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর লাউচাপড়া দর্শনার্থীদের কাছে এক শান্ত ও আকর্ষণীয় গন্তব্য। এখানে সবুজ বনানীতে আবৃত পাহাড়, পাহাড়ের পাদদেশে বিস্তৃত স্বচ্ছ লেক এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। ভ্রমণে অংশ নেওয়া সদস্যরা লেকের শান্ত জলরাশি, চারপাশের সবুজের প্রতিবিম্ব এবং পাহাড়ি পরিবেশ উপভোগ করে বিমোহিত হন।

বিশেষ করে ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে বিস্তৃত পাহাড়, বনানী ও লেকের নয়নাভিরাম দৃশ্য দেখে সবাই অভিভূত হন। উপর থেকে তাকালে মনে হয়, সবুজের এক বিশাল চাদরে ঢাকা প্রকৃতি—যা চোখ জুড়িয়ে দেয় এবং মনে এনে দেয় প্রশান্তি।

এসময় শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন,
“সাংবাদিকতাসহ সকল শ্রেণী পেশার মানুষকে দায়িত্বশীল ও পরিশ্রমসাধ্য করতে হয়, প্রতিনিয়ত নানা চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। এমন একঘেয়েমি জীবন থেকে বের হওয়ার জন্য আনন্দ ভ্রমণ মানুষের মানসিক প্রশান্তি এনে দেয় এবং সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে। প্রকৃতির কাছাকাছি এসে কিছু সময় কাটানোর মাধ্যমে আমরা নতুন উদ্যম ও শক্তি নিয়ে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারব। ভবিষ্যতেও শম্ভুগঞ্জ প্রেসক্লাব সদস্যদের জন্য এ ধরনের গঠনমূলক ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে।”

ভ্রমণে অংশগ্রহণকারী সদস্যরাও জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে এমন আয়োজন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়িয়ে দিয়েছে। শম্ভুগঞ্জ প্রেসক্লাবের এই আনন্দ ভ্রমণ সংগঠনের ঐক্য ও বন্ধনকে নতুন করে জাগ্রত করেছে।
ভ্রমণ শেষে লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবুজের চোখ জুড়ানো সৌন্দর্য, পাহাড়-লেক আর নীরব প্রকৃতির মেলবন্ধনে লাউচাপড়ায় কাটানো এই আনন্দ ভ্রমণ শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের স্মৃতিতে দীর্ঘদিন ধরে রয়ে যাবে।